সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ হাওরাঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং একমাত্র বোরো ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এই সংকটের স্থায়ী সমাধানে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন এবং অপরিকল্পিত বাঁধ অপসারণের দাবি জানান।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার সন্তান শিশির মনির তাঁর চিঠিতে হাওরবাসীর জীবন-জীবিকার চরম সংকটের কথা তুলে ধরে বলেন, এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠী কেবল একটি বোরো ফসলের ওপর নির্ভরশীল, যা বর্তমানে জলাবদ্ধতার কারণে হুমকির মুখে পড়েছে।
চিঠিতে আইনজীবী শিশির মনির হাওর অঞ্চলের পানিনিষ্কাশন ব্যবস্থা সচল করতে তিনটি বিশেষ প্রস্তাব তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে হেলিকপ্টারে করে দুর্গত এলাকা পরিদর্শন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও নিখুঁত কাজ সম্পন্ন করতে সেনাবাহিনীকে দায়িত্ব প্রদান এবং প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিতার আওতায় আনা।
তিনি চিঠিতে উল্লেখ করেন যে, বর্তমান সরকারের আমলে খাল খনন কর্মসূচি পুনরায় প্রাণ ফিরে পেয়েছে, যা একসময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিল। তারই ধারাবাহিকতায় তিনি দিরাই-শাল্লাসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বেশি করে নদী ও খাল খননের ওপর জোর দেন।
তিনি আরও অভিযোগ করেন যে, হাওরে অপরিকল্পিতভাবে নির্মিত অপ্রয়োজনীয় বাঁধগুলো স্বাভাবিক পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা বৈজ্ঞানিক উপায়ে নদী ড্রেজিংয়ের মাধ্যমে সমাধান করা সম্ভব।
প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততার কথা স্বীকার করেও তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার প্রধানের সদিচ্ছা থাকলে এই মানবিক বিপর্যয় থেকে লাখো কৃষক দ্রুতই মুক্তি পাবে। হাওরের ফসল রক্ষায় দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা সোচ্চার থাকলেও সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর খোলা চিঠি বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।