অ্যাতলেটিকোর কাছে হেরে বার্সার বড় হোঁচট, দীর্ঘ ১৮ বছরের রেকর্ড ভাঙল সিমিওনে

0
23
অ্যাতলেটিকোর কাছে হেরে বার্সার বড় হোঁচট, দীর্ঘ ১৮ বছরের রেকর্ড ভাঙল সিমিওনে

ক্যাম্প ন্যুতে আধিপত্য বিস্তার করেও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। প্রথমার্ধের শেষ দিকে পাউ কুবারসির লাল কার্ড বার্সার জন্য কাল হয়ে দাঁড়ায়, যা কাজে লাগিয়ে ১৮ বছর পর ক্যাম্প ন্যুতে জয়ের স্বাদ পেল দিয়েগো সিমিওনের দল।

ম্যাচজুড়ে বার্সেলোনা ৫৮ শতাংশেরও বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি স্বাগতিকরা। বিপরীতে, অ্যাতলেটিকো ৫টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রেখে দুই গোল আদায় করে নেয়।

ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা আক্রমণাত্মক খেললেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মার্কাশ রাশফোর্ড ও লামিনে ইয়ামাল। ৪৩ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়, যখন বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি জুলিয়ানো সিমিওনেকে ফাউল করলে ভিএআর দেখে রেফারি তাকে লাল কার্ড দেখান। সেই ফ্রি-কিক থেকে হুলিয়ান আলভারেজ দুর্দান্ত এক গোল করে অ্যাতলেটিকোকে এগিয়ে দেন। চ্যাম্পিয়ন্স লিগে এটি আলভারেজের নবম গোল, যা অ্যাতলেটিকোর হয়ে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড।

দশজনের দলে পরিণত হয়েও বার্সা লড়াই চালিয়ে যায়। ৫০ মিনিটের পর রাশফোর্ড ও জুলস কুন্দে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। সমতায় ফিরতে মরিয়া বার্সা ৭০ মিনিটে উল্টো দ্বিতীয় গোলটি হজম করে। প্রতি-আক্রমণ থেকে সতীর্থের ক্রস দারুণ এক ভলিতে জালে জড়ান বদলি ফরোয়ার্ড আলেক্সান্ডার সরলথ।

২০০৬ সালের পর এই প্রথম ক্যাম্প ন্যুতে জয়ের দেখা পেল অ্যাতলেটিকো মাদ্রিদ। এই হারে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে অ্যাতলেটিকো বড় ব্যবধানে এগিয়ে থাকল। মঙ্গলবার মাদ্রিদের মেট্রোপলিটন স্টেডিয়ামে ফিরতি লেগে বার্সার জন্য এই দুই গোলের ব্যবধান ঘুচিয়ে জয় তুলে নেওয়াটা বেশ কঠিন চ্যালেঞ্জ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here