ফেনী পৌরসভায় অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ফেনী পৌরসভার তাকিয়া রোডস্থ ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এই তথ্যের ভিত্তিতে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত র্যাব-৭ এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ইসলামপুর এলাকার ‘কবির অ্যান্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানে ৫০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া জরিমানার অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।