দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের ধারাবাহিকতায় এবার ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের জাহাজটি বন্দরের পতেঙ্গা ডলফিন জেটিতে ভিড়ে। এর আগে বুধবার রাতে মালয়েশিয়া থেকে ফার্নেস অয়েল বোঝাই জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি বুমি সিয়াক পুসাকো থেকে প্রায় ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে জাহাজটি বাংলাদেশে এসেছে।
বিপিসির সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজটি বৃহস্পতিবার দুপুরে ডলফিন জেটিতে ভিড়েছে এবং শিগগিরই তেল খালাস কার্যক্রম শুরু হবে।
এর আগে মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও অভ্যন্তরীণ চাহিদা বিবেচনায় ধারাবাহিকভাবে জ্বালানি তেল আমদানি জোরদার করা হচ্ছে, যাতে সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি না থাকে।