বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান: রূপগঞ্জে অবৈধ মজুত ২ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান, গুদাম সিল

0
21
বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান: রূপগঞ্জে অবৈধ মজুত ২ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান, গুদাম সিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপাজেলাধীন তারাবো কাজীপাড়া চৌরাস্তায় অবৈধভাবে মজুত সয়াবিন তেলের গুদামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) ও র‍্যাবের যৌথ দল সেখানে অভিযান চালায়।

অভিযানে অবৈধভাবে মজুত করা মোট ৯ ব্যারেলে প্রায় দুই হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুত, বোতলজাতকরণ এবং ‘বন্ধন প্লাস’ ও ‘বিসমিল্লাহ’ নামক স্টিকার লাগিয়ে বাজারজাতকরণের সুস্পষ্ট প্রমাণ পায় আভিযানিক দল।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল হক সেখানে যান। তিনি গিয়ে তাৎক্ষণিকভাবে গুদাম সিলগালা করার নির্দেশ দেন।

বিজিবি জানায়, অবৈধভাবে মজুত তেল এবং সংশ্লিষ্ট মালিক পক্ষের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারা আরও জানায়, বিজিবি দেশের বিভিন্ন স্থানে অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here