নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

0
21
নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবির নির্বাচক প্যানেল। শনিবার ঘোষিত এই দলে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটেননি নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ওপরই আস্থা রাখা হয়েছে।

দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান সিরিজে ব্যাট হাতে আশানুরূপ পারফর্ম করতে না পারলেও তরুণ আফিফ হোসেন ও সাইফ হাসান স্কোয়াডে নিজেদের জায়গা ধরে রেখেছেন। দলের অভিজ্ঞ ও নিয়মিত মুখ নাজমুল হোসেন শান্ত, লিটন দাস এবং তাওহীদ হৃদয়রা যথারীতি স্কোয়াডে আছেন। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের সঙ্গে গতি তারকা নাহিদ রানাকেও রাখা হয়েছে।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। ১৭ এপ্রিল মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মাধ্যমে সিরিজটি মাঠে গড়াবে। সিরিজের পরবর্তী ওয়ানডে ম্যাচ দুটি ২০ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর ২৭ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবারের সিরিজের ম্যাচগুলোর সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো বিকেল ৩টার পরিবর্তে বেলা ১১টায় শুরু হবে। একইভাবে সন্ধ্যা ৬টার পরিবর্তে টি-টোয়েন্টি ম্যাচগুলো বিকেল ৩টায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here