সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাসায়নিক মিশ্রিত অপরিপক্ব আম জব্দ করার পর তা বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে একটি পিকআপ ভ্যান থেকে ১৬৮টি ক্যারেটে থাকা মোট ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়। এসব আম অপরিপক্ব ছিল এবং বাজারজাত করার সুবিধার্থে এতে ক্ষতিকর রাসায়নিক মেশানো হয়েছিল। তবে আমগুলোর কোনো মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
আম পরিবহনের দায়ে পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খানের উপস্থিতিতে জব্দকৃত আমগুলো শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়িবাঁধ সড়কে ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়।
জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।