কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে হাজিরা দিলেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাত জাহান। ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত একটি পুরনো মামলায় গত বুধবার সিজিও কমপ্লেক্সে তাকে টানা সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাতকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ফ্ল্যাট সংক্রান্ত আর্থিক অনিয়ম থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন পুরনো বিতর্ক নিয়েও নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়েছেন তিনি।
তবে এই কঠিন সময়ে সমালোচনায় দমে না গিয়ে নিজের ছন্দে ফেরার চেষ্টা করছেন অভিনেত্রী। জিজ্ঞাসাবাদের কয়েক দিন পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু গ্ল্যামারাস ছবি পোস্ট করেছেন তিনি। ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তার দেওয়া ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, ‘অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি’। তার এই নতুন বার্তা এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে।