চট্টগ্রামের সাগরিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। এটিই টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড।
সোমবার (২৭ এপ্রিল) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে বাংলাদেশ ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সাইফ হাসান ১৭ ও তানজিদ তামিম ২০ রান করে বিদায় নেন। অধিনায়ক লিটন দাসও ২১ রান করে ফিরলে ১০.১ ওভারে ৩ উইকেটে ৭৭ রানে চাপে পড়ে দল।
সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে বাংলাদেশ। হৃদয় খেলেন ৫৫ রানের অনবদ্য ইনিংস। ইমন ও পরে শামীম পাটোয়ারীর দৃঢ় ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয়।
এর আগে নিউজিল্যান্ডের হয়ে কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার ৫১ করে রান করে ৮৮ রানের জুটি গড়েন। শেষদিকে নিক কেলি ৩৯ ও জশ ক্লার্কসন ৩০ রান করেন।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ ২টি উইকেট, অন্যরা একটি করে উইকেট ভাগাভাগি করেন।
দুর্দান্ত এই জয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছালো বাংলাদেশ।