চাঁদপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

0
19
চাঁদপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

চাঁদপুর ও নীলফামারীতে নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মো. হাফিজ ইব্রাহিমের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজের মধ্যে ২৩টিতে ৫০০ শয্যা ও তদূর্ধ্ব হাসপাতালের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া আটটি জেলায় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ চলছে এবং মাগুরা, হবিগঞ্জসহ চারটি জেলায় হাসপাতাল নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন।

একই অধিবেশনে প্রধানমন্ত্রী দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের টেকসই বাসস্থান নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি উল্লেখ করেন, ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর ভূমিহীন ও দুর্দশাগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘আবাসন প্রকল্প’ গ্রহণ করা হয়েছিল, যার মাধ্যমে ৬৫ হাজার পরিবার উপকৃত হয়েছে।

বর্তমানে ভূমিহীন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে ‘গুচ্ছগ্রাম-৩ পর্যায় প্রকল্প’ গ্রহণের কার্যক্রম চলছে। পাশাপাশি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন সুবিধা সম্প্রসারণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here