বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পর্ষদ ভেঙে এডহক কমিটি গঠনের রেশ কাটতে না কাটতেই এবার বড় পরিবর্তন এলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি)। দুর্নীতির অভিযোগ ও সরকারের তীব্র চাপের মুখে মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিশেষ বৈঠকের পর পদত্যাগ করেছেন এসএলসির আলোচিত সভাপতি শাম্মি সিলভা এবং তার নির্বাহী কমিটির সকল সদস্য।
বেশ কিছুদিন ধরেই লঙ্কান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ তুলেছিল দেশটির সরকার। বিশেষ করে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে এবং ক্রীড়া মন্ত্রী সুনীল কুমারা গামাগে বোর্ড সংস্কারের পক্ষে কঠোর অবস্থান নেন। মঙ্গলবার প্রায় তিন ঘণ্টার এক রুদ্ধশ্বাস বৈঠকের পর শাম্মি সিলভা ও তার পুরো কমিটি পদত্যাগের সিদ্ধান্ত নেয়। তাদের এই পদত্যাগপত্র আজ বুধবার (২৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ক্রীড়া মন্ত্রীর কাছে জমা দেওয়ার কথা রয়েছে।
সম্প্রতি বাংলাদেশে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে একটি এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবির সেই ঘটনার মতোই এখন শ্রীলঙ্কায় অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যেই সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকার ও রাজনীতিবিদ এরান বিক্রমরত্নের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব নিতে পারে।
শাম্মি সিলভা গত সাত বছর ধরে টানা চার মেয়াদে এসএলসি’র নেতৃত্বে ছিলেন। এর মধ্যে তিনবারই তিনি কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচিত হওয়ায় বোর্ডের স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তার আমলে লঙ্কান ক্রিকেট এশিয়া কাপ জিতলেও বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোতে ব্যর্থতা এবং র্যাঙ্কিংয়ে অবনমন জনমনে ক্ষোভের সৃষ্টি করেছিল। সবশেষ সরকারের পক্ষ থেকে বোর্ড ভেঙে দেওয়ার সরাসরি ইঙ্গিত পাওয়ার পরই পদ ছাড়তে বাধ্য হলেন সিলভা।
শ্রীলঙ্কা সরকারের এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আবারও দেশটিকে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগে স্থগিত করে কি না, সেটিই এখন বড় দেখার বিষয়।