বাংলাদেশের বড় হারে সমতায় সিরিজ শেষ নিউজিল্যান্ডের

0
21
বাংলাদেশের বড় হারে সমতায় সিরিজ শেষ নিউজিল্যান্ডের

অল্প রান করেও জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। শরিফুল ইসলামের আগুনে বোলিংয়ে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল নিউজিল্যান্ড। তবে বেভন জ্যাকবসের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া হয় টাইগারদের। ২০ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পায় সফরকারীরা।

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিউইদের চাপে ফেলেন শরিফুল। নিজের প্রথম দুই ওভারেই ৩ উইকেট তুলে নিয়ে টপ অর্ডার ভেঙে দেন তিনি। পরে শেখ মেহেদী হাসান নিক কেলিকে ফিরিয়ে দিলে ৩৩ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।

তবে সেখান থেকে দলকে ঘুরিয়ে দেন বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট। বাংলাদেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করায় জীবন পেয়ে আরও ভয়ংকর হয়ে ওঠেন জ্যাকবস। ৩১ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি। ফক্সক্রফট ১৫ রান করে তাকে সঙ্গ দেন।

পঞ্চম উইকেটে তাদের ৭১ রানের জুটিতে ১১.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

এর আগে বৃষ্টিবিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে বাংলাদেশ মাত্র ১০২ রানে অলআউট হয়। তাওহীদ হৃদয় সর্বোচ্চ ৩৩ রান করেন। লিটন দাস ২৬ ও সাইফ হাসান ১৬ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে জশ ক্লার্কসন ৩টি, বেন সিয়ার্স ও নাথান স্মিথ ২টি করে উইকেট নেন।

শরিফুল ৩ উইকেট নিয়ে লড়াই করলেও ফিল্ডিং ব্যর্থতায় শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here