এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ডলার

0
15
এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ডলার

বিদায়ী এপ্রিল মাসে দেশে মোট ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সমমূল্যের রেমিট্যান্স এসেছে। রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। সেই হিসাবে এপ্রিল মাসে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৪২ লাখ ডলার করে প্রবাসী আয় এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের এই প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ২০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫০ শতাংশ বেশি।

রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারার মধ্যে মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের রেকর্ড আয় হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এছাড়া ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ এবং জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে। গত বছরের শেষ প্রান্তিকের মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ছিল বেশ শক্তিশালী। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে এ পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের নতুন রেকর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here