বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
শনিবার (৯ মে) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার বাদারা এলাকার মো. আব্বাসের ১০ মাস বয়সী ছেলে মোহাম্মদ উল্লাহকে গত ৫ মে হামের উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
এছাড়া পটুয়াখালীর পাগলা এলাকার ইলিয়াসের সাত মাস বয়সী মেয়ে আয়শাকে গত ১ মে হাম নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর জানান, হাম থেকে জটিল নিউমোনিয়া হওয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৬৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭০ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১০৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১১ জন। বিভাগজুড়ে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৪৬৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৩৩ জন।