প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন স্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারো জন্য চিরস্থায়ী নয়। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও প্রশাসনের সব পদই সাময়িক দায়িত্ব। তাই নির্দিষ্ট পদ বা পোস্টিংয়ের প্রতি আকাঙ্ক্ষা না রেখে যে যেখানে দায়িত্বে আছেন, তা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। পেশাদার মনোভাব ছাড়া দক্ষ প্রশাসন গড়ে তোলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা গেলে একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাওয়া সম্ভব।
দুর্নীতি ও সন্ত্রাস দমনে কোনো আপস করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীর পরিচয় নয়, অপরাধই বিবেচ্য হবে। পুলিশকে নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।
প্রযুক্তির উন্নয়নের কারণে অপরাধের ধরন বদলে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখন পুলিশের কাজ শুধু স্থানীয় নয়, বরং বৈশ্বিক পরিসরেও বিস্তৃত। তাই পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জন জরুরি।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে মব ভায়োলেন্সের মতো পরিস্থিতিও মোকাবিলা করা সম্ভব হবে। সরকার একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়।
পুলিশ সদস্যদের কল্যাণে সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে তিনি বলেন, নিয়োগ, বদলি ও পদোন্নতিতে সততা, মেধা ও দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে।
এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দেন এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।