ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের উপর হামলা, নারীসহ আটক ৫

0
2
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের উপর হামলা, নারীসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ায় তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী।

র‍্যাব জানায়, সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুর এলাকায় তথ্য সংগ্রহে যাচ্ছিলেন র‍্যাবের তিন গোয়েন্দা সদস্য। পথে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে পৌঁছালে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা তাদের মোটরসাইকেলের গতি রোধ করে।

পরে র‍্যাব সদস্যদের জিম্মি করে একটি আস্তানায় নিয়ে আটকে রেখে মারধর করা হয়। এ সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও জানায় র‍্যাব।

খবর পেয়ে র‍্যাবের অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত খাগাতোয়া গ্রামে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

আটকরা হলেন আব্দুল কাদির, মো. রাহিম আহমেদ, আব্দুর রহমান ওরফে অপু মিয়া, নুর আলম ওরফে নুরনবী এবং ছানোয়ারা বেগম। র‍্যাব জানিয়েছে, হামলার অন্যতম হোতা আব্দুল কাদিরও আটকদের মধ্যে রয়েছেন।

তবে অভিযানের সময় প্রধান অভিযুক্ত শফিক ডাকাত পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here