দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি কঠোর

0
2
দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি কঠোর: প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, অপরাধীর কোনো দল নেই। দলের কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে ১০ গুণ আইন আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে।

মঙ্গলবার (১২ মে) চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা প্রাঙ্গণে অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার একটি অপরাধমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। বিশেষ করে চট্টগ্রামের হাটহাজারী ও বায়েজিদ এলাকাকে যেকোনো মূল্যে অপরাধমুক্ত করা হবে।

তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা- ‘অপরাধীর কোনো দল নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজে কেউ জড়িত হলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

নিজ নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, হাটহাজারীর ইতিহাসে আপনারা আমাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছেন। আমার দায়বদ্ধতা এই এলাকার প্রতিটি মানুষের প্রতি।

তিনি আরও বলেন, গত ১৭ বছর আমরা শুধু ফ্যাসিস্টদের বিরুদ্ধে নয়, সমাজের অন্যায়, দুর্নীতি ও দুবৃত্তায়নের বিরুদ্ধেও লড়াই করেছি। মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনাই ছিল আমাদের সংগ্রামের মূল লক্ষ্য।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনের দোহাই দিয়ে কেউ যদি অপরাধে জড়ান, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে আইন যেভাবে প্রয়োগ হয়, আপনাদের ক্ষেত্রে তা ১০ গুণ বেশি শক্তিশালীভাবে প্রয়োগ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাব।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কোনো তদবির শুনবেন না। অপরাধী যে-ই হোক, আইনানুগ ব্যবস্থা নিন। যদি আমার কোনো লোক অপরাধীর পক্ষে সুপারিশ করে, তবে সরাসরি আমাকে জানাবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে যেতে চান, আমরা সেই অভিযাত্রার সহযাত্রী। আমরা এমন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেখানে বিশ্বের বুকে পাসপোর্ট হাতে নিয়ে গর্বভরে বলতে পারব-আমরা বাংলাদেশি।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভার শীলছড়ি সড়ক কার্পেটিং উন্নয়ন কাজ ও স্মার্ট এলইডি সড়ক বাতি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর সড়কে এইচবিবি নির্মাণ কাজ এবং ফরহাদাবাদ ও ধলই ইউনিয়নে নবনির্মিত সেতু ও কালভার্টের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় হাটহাজারী উপজেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here