বাবা মারা গেছেন ছোটবেলায়, চার মাস আগে হারিয়েছে মাকেও—নানীর অন্যের বাড়িতে কাজের টাকায় কোনো রকমে চলছে এতিম দুই শিশুর জীবন। সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিএনপি’র চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার” – এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
অতঃপর তিনি শিশু দুটির খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।
শুক্রবার (১৫ মে) বিকেলে সিরাজগঞ্জের সদর উপজেলার রতন কান্দি ইউনিয়নের একডালা গ্রামে “আমরা বিএনপি পরিবার”- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ও সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেমের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল রায়হান ও রোহানের বাড়ি পরিদর্শন করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছিয়ে দেন।
প্রতিনিধি দলটি শিশু দুটির জন্য খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষা বৃত্তি সহ মাসিক শিক্ষা বৃত্তিও ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, বিএনপি নেতা হাসান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৯ বছর বয়সী রায়হান ও ৭ বছর বয়সী রোহান ছোটবেলাতেই বাবাকে হারায়। চার মাস আগে মায়ের মৃত্যুর পর তারা বর্তমানে নানা বৃদ্ধ আজিজুর রহমান ও নানী মালেকা বেগমের সাথে কষ্টে জীবনযাপন করছে। অর্থাভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে এবং জরাজীর্ণ টিনের ঘরে দিন কাটছে।