প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে স্পেনে গণবিক্ষোভ

0
4
প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে স্পেনে গণবিক্ষোভ

স্পেনের রাজধানী মাদ্রিদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে। সরকারের ঘনিষ্ঠ মহলে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এই আন্দোলনের সূচনা হয়।

বিক্ষোভকারীরা স্প্যানিশ পতাকা হাতে নিয়ে এবং “আর নয়!” লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে শহরের প্রধান সড়কগুলোতে মিছিল করেন। পরে তারা প্লাজা মনক্লোয়ার দিকে অগ্রসর হন, যেখানে প্রধানমন্ত্রী দপ্তর অবস্থিত।

আয়োজকদের দাবি, এই সমাবেশে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নেয়। তবে স্থানীয় প্রশাসনের অনুমান অনুযায়ী, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল তার অর্ধেকের কাছাকাছি।

এই বিক্ষোভের ডাক দেয় ‘সোসিয়েদাদ সিভিল এস্পানিওলা’ নামের ১৫০টিরও বেশি নাগরিক সংগঠনের একটি জোট। আন্দোলনটি স্পেনের প্রধান বিরোধী রক্ষণশীল দল পপুলার পার্টি (PP) এবং কট্টর ডানপন্থী দল ভক্স (Vox)-এর সমর্থন পায়।

ভক্স দলের নেতা সান্তিয়াগো আবাসকাল অভিযোগ করেন, সরকারের ঘনিষ্ঠ মহলে গুরুতর দুর্নীতির অভিযোগের কারণে দেশটি “দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার হাতে জিম্মি” হয়ে পড়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী সানচেজ অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এবং নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও একাধিক দুর্নীতি তদন্ত সামনে এসেছে। তার ভাই ডেভিড সানচেজের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া স্ত্রী বেগোনা গোমেজও একটি পৃথক দুর্নীতি মামলায় তদন্তের মুখে আছেন।

এছাড়া সাবেক পরিবহনমন্ত্রী হোসে লুইস আবালোসের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার রায়ও শিগগিরই আসতে পারে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধেও নতুন তদন্ত শুরু হওয়ায় সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে বলে বিশ্লেষকদের মত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here