পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হওয়ায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সোমবার সকাল থেকেই যাত্রীরা ব্যাগপত্র নিয়ে টার্মিনালে আসতে শুরু করেন।
তবে এই ভিড়ের সুযোগ নিয়ে কয়েকটি দূরপাল্লার পরিবহনের বিরুদ্ধে ‘ঈদ বোনাস’ নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
টার্মিনালে আসা নওগাঁগামী যাত্রী রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, বাসের নির্ধারিত ভাড়া ৭৫০ টাকা হলেও তাঁর কাছ থেকে ৮৫০ টাকা নেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট কাউন্টার মাস্টার তাকে বলেছেন ‘আমি জোর করে টাকা নিইনি। বলেছি, খুশি হয়ে যা দেন’।
অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকারের এক কর্মকর্তা জানান, যেসব যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে, তাদের সেই অর্থ অবিলম্বে ফেরত দিতে সংশ্লিষ্ট কাউন্টারকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ ঠেকাতে টার্মিনালে নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে, মেহেরপুরগামী আরেক যাত্রী তারিকুল ইসলাম জানান, অনলাইনে টিকিট না পেয়ে বাধ্য হয়ে তাকে কাউন্টারে আসতে হয়েছে।
ভোগান্তির কথা উল্লেখ করে তারিকুল ইসলাম বলেছেন, টিকিটের জন্য একাধিকবার ফোন দিলেও কাউন্টার থেকে কেউ ধরেনি। পরে এখানে এসে দেখি আমার কাছ থেকে ৫০ টাকা বেশি নেওয়া হয়েছে। ঈদ উদযাপনে বাড়ি তো যেতেই হবে, তাই বাধ্য হয়ে বেশি দামেই টিকিট কেটেছি।
‘গোল্ডেন স্টার পরিবহনে আগে যেখানে ভাড়া ছিল ৭৬০ টাকা, ঈদযাত্রায় সেখানে এখন নেওয়া হচ্ছে ৮৩০ টাকা। পাশাপাশি পরিবহনটি অনলাইনে টিকিট দিচ্ছে না’, অভিযোগ তারিকুল ইসলামের।
সরেজমিনে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকাল থেকেই টার্মিনালে মানুষের চাপ ক্রমাগত বাড়ছে। কেউ পরিবার-পরিজন নিয়ে, আবার কেউ একাই নাড়ির টানে গ্রামের পথে রওনা হচ্ছেন।
বিভিন্ন বাস কাউন্টারের সামনে দেখা গেছে যাত্রীদের দীর্ঘ লাইন। ভিড় বাড়ার সাথে সাথে অনেক যাত্রীই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় এবং চাহিদামতো টিকিট না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন।