ঝড়ের মধ্যে ঘাটে ভিড়তে গিয়ে দুই লঞ্চ সংঘর্ষ, আহত ১০

0
3
ঝড়ের মধ্যে ঘাটে ভিড়তে গিয়ে দুই লঞ্চ সংঘর্ষ, আহত ১০

আকস্মিক কালবৈশাখীর তাণ্ডবে চাঁদপুর লঞ্চঘাটে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে ঘাটে ভিড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাটে নোঙর করা কয়েকটি লঞ্চ, পন্টুন ও জেটিরও ক্ষয়ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল বাতাস ও উত্তাল নদীর কারণে ঢাকা থেকে আসা লঞ্চগুলো ঘাটে ভিড়তে হিমশিম খাচ্ছিল। এমন অবস্থায় যাত্রী নামানোর প্রস্তুতির সময় ‘ঈগল-৭’ লঞ্চকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ‘ময়ূর-২’ নামের আরেকটি যাত্রীবাহী লঞ্চ।

সংঘর্ষের পর ঈগল-৭ লঞ্চটি কাত হয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর নৌ-পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। তারা আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর নৌ-পুলিশ জানায়, ঝড়ের কারণে সাময়িক বিশৃঙ্খলা তৈরি হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here