বিশ্বকাপের বিমান ধরার আগে বড় দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

0
4
বিশ্বকাপের বিমান ধরার আগে বড় দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরার অপেক্ষায়, ঠিক তখনই আলবিসেলেস্তে শিবিরে আঘাত হানলো বড় এক দুঃসংবাদ। চোটে পড়েছেন দলের অভিজ্ঞ ও নির্ভরযোগ্য মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

লিওনেল স্কালোনির দলের অন্যতম এই গুরুত্বপূর্ণ সদস্য ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন, যা বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য বড় এক হোঁচট হিসেবে দেখা হচ্ছে।

বোকা জুনিয়র্সের জার্সি গায়ে নিজের শেষ ম্যাচটিতে খেলার সময় পারেদেসের চোটের বিষয়টি সামনে আসে। ম্যাচের ওয়ার্ম-আপের সময় থেকেই তাঁকে চোট পাওয়া জায়গাটি চেপে ধরে রাখতে দেখা যায়, যা শুরু থেকেই আর্জেন্টাইন শিবিরে উদ্বেগ তৈরি করেছিল। তবুও ক্লাবের প্রতি ভালোবাসা থেকে পুরো ৯০ মিনিট তীব্র ব্যথা সহ্য করেই তিনি মাঠে লড়াই করেন এবং ম্যাচ শেষে নিজের চোটের অস্বস্তির কথা স্বীকারও করেন।

পরবর্তীতে জরুরি মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে বেশ ভালো রকমের চোট রয়েছে। আগামী শনিবার জাতীয় দলের সাথে যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগে পারেদেসের এই চোটের খবর আর্জেন্টিনার জন্য বড় এক ধাক্কা হিসেবে হাজির হয়েছে। মূল মঞ্চে নামার আগে যুক্তরাষ্ট্রে আলবিসেলেস্তেরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে (৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে), যেখানে পারেদেসের আর মাঠে নামা হচ্ছে না।

ম্যাচ শেষে বোকা জুনিয়র্সের এই অধিনায়ক নিজের চোট ও ম্যাচ খেলার আবেগ নিয়ে বলেন, “পুরো সপ্তাহ জুড়েই আমি হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলাম, কিন্তু কোনোভাবেই ক্লাবের এই ম্যাচটি আমি মিস করতে চাইনি। মাঠ ছেড়ে আসার তো প্রশ্নই আসে না। কোচ আমাকে সত্যিটা বলতে বলেছিলেন এবং মাঠে নেমে নিজের যত্ন নিতে বলেছিলেন, কারণ সামনে আমার অনেক গুরুত্বপূর্ণ খেলা (বিশ্বকাপ) রয়েছে। তবে এই ম্যাচটি না খেলে বেঞ্চে বসে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না।”

বর্তমান পরিস্থিতি ও মেডিকেল বুলেটিন অনুযায়ী, আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে পারেদেস পুরোপুরি ফিট হতে পারবেন কি না—তা নিয়ে বড়সড় সংশয় ও ধোঁয়াশা তৈরি হয়েছে। আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ওলে’-র প্রতিবেদন অনুযায়ী, চোটের ধাক্কা সত্ত্বেও পারেদেস মানসিকভাবে বেশ শান্ত ও ইতিবাচক আছেন। নতুন ডায়াগনসিসেও তাঁর সেই মানসিক শক্তি নষ্ট হয়নি; কারণ তিনি বিশ্বাস করেন এই চোট ‘খুব বেশি গুরুতর নয়’। এছাড়া কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে মাঠে ফেরার জন্য পারেদেসের আলাদা একটা সুনাম রয়েছে।

বোকায় ফেরার পর থেকেই সামনের কঠিন চ্যালেঞ্জ সম্পর্কে ভালোভাবেই জানতেন পারেদেস, তাই বিশ্বকাপ থেকে কখনও চোখ সরাননি তিনি। সেই লক্ষ্যে, এই মৌসুমে বোকার নিয়মিত অনুশীলনের পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ‘লিওনেল আন্দ্রেস মেসি ট্রেইনিং সেন্টার’-এ তাঁকে প্রায়ই ডাবল শিফটে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। এর আগে গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েও তিনি গোড়ালির চোটে পড়েছিলেন, তবে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন। স্কালোনি এখন আশায় থাকবেন, তাঁর এই বিশ্বস্ত সেনাপতি যেন প্রথম ম্যাচের আগেই চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here