২৫ কোটি টাকার বিতর্কে মুখ খুললেন আসিফ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

0
3
২৫ কোটি টাকার বিতর্কে মুখ খুললেন আসিফ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া ও এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ মোট ২৫ কোটি টাকা নিয়েছেন—এমন অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে দাবি করেছেন আসিফ মাহমুদ।

শুক্রবার (৩০ মে) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, আলোচিত ২৫ কোটি টাকা কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার কাছে যায়নি; এটি স্থানীয় সরকার বিভাগের ‘বিশেষ বরাদ্দ’ খাতের অর্থ, যা সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।

আসিফ মাহমুদের দাবি, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া রাজস্ব খাত ও বিশেষ বরাদ্দ খাতের মধ্যে পার্থক্য না বুঝেই বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, রাজস্ব খাতের অর্থ কোনো ব্যক্তি বা এলাকার জন্য সরিয়ে নেওয়ার সুযোগ নেই। আলোচিত অর্থ ছিল উন্নয়নমূলক বিশেষ বরাদ্দ, যা আবেদন ও প্রয়োজনের ভিত্তিতে অনুমোদন করা হয়।

তিনি আরও জানান, বরাদ্দ দেওয়া হলেও কোন প্রকল্পে কত টাকা ব্যয় হবে, তা জেলা পরিষদের প্রশাসক বা চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি সভার মাধ্যমে নির্ধারণ করে। পরবর্তীতে ই-টেন্ডারিং ও সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুসরণ করে প্রকল্প বাস্তবায়ন করা হয়।

ভিডিও বার্তায় আসিফ মাহমুদ কুমিল্লা জেলা পরিষদের বিভিন্ন সভার কার্যবিবরণীর উদাহরণ তুলে ধরে বলেন, ওই অর্থের মাধ্যমে সোলার লাইট স্থাপন, কর্মসংস্থান কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্রয় এবং বিভিন্ন মসজিদ সংস্কারসহ নানা উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অভিযোগকারী প্রশাসকের বক্তব্য প্রত্যাহার ও ব্যাখ্যা দাবি করে তিনি বলেন, অন্যথায় বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি বিএনপি ও এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি ইঙ্গিত করে প্রশাসকদের যথাযথ প্রশিক্ষণের আহ্বান জানান।

এদিকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের অভিযোগ ও আসিফ মাহমুদের পাল্টা ব্যাখ্যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here