বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২

0
2
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২

নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলার দুটিতে থাকা ১৮ জন জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও দুই জেলের সন্ধান মেলেনি।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণকেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই জেলে হলেন তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা কালাম পাইকার ও শহীদ।

উদ্ধার হওয়া জেলেদের ভাষ্য, মঙ্গলবার সকালে তালতলীর ফকিরহাট মৎস্য অবতরণকেন্দ্র থেকে দুটি ট্রলার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশ শিকারে যায়। তপন জোমাদ্দারের মালিকানাধীন একটি ট্রলারে ১৩ জন এবং আলমগীর খলিফার মালিকানাধীন অপর ট্রলারে পাঁচজন জেলে ছিলেন।

তারা জানান, রাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে পড়লে প্রবল ঢেউয়ের আঘাতে প্রথমে আলমগীর খলিফার ট্রলারটি ডুবে যায়। তখন ওই ট্রলারের জেলেরা তপন জোমাদ্দারের ট্রলারে আশ্রয় নেন। কিন্তু কিছুক্ষণ পর শক্তিশালী ঢেউয়ের আঘাতে দ্বিতীয় ট্রলারটিও ডুবে গেলে সবাই সাগরে ভেসে যান। পরে রাত ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলার ১৬ জন জেলেকে উদ্ধার করে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে দুই জেলের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

ফকিরহাট মৎস্য অবতরণকেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, ট্রলারডুবির ঘটনায় ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তারা মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি সমিতির পক্ষ থেকেও চেষ্টা চালানো হচ্ছে।

তালতলী কোস্ট গার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আশরাফুল আলম জানান, সাগর এখনও উত্তাল থাকায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলে অভিযান চালানো হবে। তিনি বলেন, ট্রলারডুবির তথ্য তাদের কাছে রয়েছে, তবে ১৬ জনকে উদ্ধারের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড ও নৌ-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। একইসাথে উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার বিষয়ে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here