জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী শিক্ষামন্ত্রীর উদ্দেশে বলেছেন, শিক্ষার্থীদের সাথে ‘টাল্টিবাল্টি’ করা উচিত নয়। তিনি এইচএসসি পরীক্ষার্থীদের ভয় না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে শহরের কালিতলা হাট এলাকা থেকে একটি পদযাত্রা শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয়।
পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে, তাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে। তার ভাষ্য, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে যাবে এবং সেই বাস্তবতা বিবেচনায় তাদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করা উচিত।
তিনি আরও বলেন, এনসিপিকে ‘জুলাই ব্যবসায়ী’ বলা হলেও তারা এ ধরনের সমালোচনায় বিচলিত নন। একই সাথে তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে বৈষম্য ছিল এবং বিভিন্ন জেলার অনেক মেধাবী তরুণ শুধু নিজ এলাকার পরিচয়ের কারণে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
বিএনপির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একসময় যারা অবাঞ্ছিত ছিলেন, তারাই এখন অন্যদের অবাঞ্ছিত বলছেন। তিনি দাবি করেন, এনসিপি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করতে চায় এবং সে লক্ষ্যেই কাজ করছে।
সভায় বক্তব্যের শেষদিকে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে এ এম জেড শাহরিয়ার জুহিনের নাম ঘোষণা করেন তিনি।
এর আগে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাতেও এনসিপির একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের পরিণতিও পতিত ফ্যাসিস্ট সরকারের মতো হতে পারে।
বগুড়ার পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীম, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, জেলা আহ্বায়ক এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদসহ দলের অন্যান্য নেতারা।