কক্সবাজারের মহেশখালী থানার হোয়ানকের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে কোস্ট গার্ড। শুক্রবার সকালে পরিচালিত এক বিশেষ অভিযানে এই কারখানার মূল হোতা ও কুখ্যাত ‘মিন্টু বাহিনী’র প্রধান ইমাম হোসেন মিন্টুকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টায় শাহপরী, টেকনাফ, বাহারছড়া, ইনানী, কক্সবাজার ও মহেশখালী স্টেশনের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে ৫টি দেশীয় একনলা বন্দুক, ৯টি দেশীয় পিস্তল, ১টি বিদেশী পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গোলা, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র এবং ৩ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়।
প্রাথমিক তথ্যানুযায়ী, মিন্টু বাহিনী দীর্ঘদিন ধরে ওই পাহাড়ে গোপনে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল। চক্রটি অস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি, পর্যটকদের ওপর হামলা এবং স্থানীয় জনগণকে ভয়ভীতি প্রদর্শনের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। গ্রেপ্তার ইমাম হোসেন মিন্টুর বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, এই অভিযানের ফলে মহেশখালীসহ উপকূলীয় অঞ্চলের সাধারণ জেলে ও লবণ চাষীদের জন্য একটি নিরাপদ সমুদ্র পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা সফল হয়েছে। বাহিনীর অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জব্দ করা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।