আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিং’ শুরু করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রবিবার (২৬ জুলাই) রাতে ময়মনসিংহের ভালুকায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, নির্বাচন কমিশনে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। তার ভাষ্য, সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।
তিনি বলেন, “আমরা খুব ভালো করেই বুঝে গিয়েছি, তারেক রহমানকে দিয়ে বাংলাদেশের পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয়। আমি আপনাদের লিখে দিয়ে গেলাম। আজকের এই কথার জন্য ছয় মাস পর আপনারাই আমাদের খুঁজবেন।”
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, বিএনপির ছত্রছায়ায় অনেক ‘খারাপ লোক’ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিচ্ছে। তাদের মধ্যে অনেককে উপজেলা প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করেন তিনি।
স্থানীয় উন্নয়নের প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো রাজনৈতিক নেতার ওপর মানুষের ভবিষ্যৎ নির্ভর করে থাকতে পারে না। নিজের এবং নিজের সন্তানের ভাগ্য পরিবর্তনে মানুষকেই উদ্যোগী হতে হবে।
তিনি ভালুকা থেকে মাদক, জুয়া, চোরাচালান ও চাঁদাবাজি নির্মূলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এসব অপরাধের বিরুদ্ধে স্থানীয়ভাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন।
বক্তব্যের একপর্যায়ে আওয়ামী লীগের বিচার এবং রাষ্ট্র সংস্কারের দাবিও পুনর্ব্যক্ত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না হলে, আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে এবং জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করা হলে এনসিপি রাজপথে আন্দোলনে নামবে। এ ক্ষেত্রে তারা এক মুহূর্তও অপেক্ষা করবে না বলেও হুঁশিয়ারি দেন।