মাগুরা শহরের তিনটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।
অভিযানকালে শহরের সাইন্স ল্যাব হাসপাতাল, ইবনে সিনা ক্লিনিক ও পলি ক্লিনিক পরিদর্শন করা হয়। পরিদর্শনে বৈধ লাইসেন্সের অভাব, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যবিধি অনুসরণে অবহেলা এবং নির্ধারিত নিয়ম-কানুন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত বিধি অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা পরিচালনায় আইন ও বিধিমালা যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, পরিদর্শনে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।