টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩

0
34
টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় কক্সবাজারের টেকনাফ উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন উপকূলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা উদ্ধার হওয়া ব্যক্তিদের পরে বিজিবির কাছে হস্তান্তর করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাখাইনের চলমান সংঘাত থেকে পালিয়ে একদল রোহিঙ্গা নৌকাযোগে বাংলাদেশে আসছিলেন। উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

স্থানীয়দের দাবি, বাংলাদেশ থেকে চারজন মাঝি ওই যাত্রীদের আনতে গিয়েছিলেন। দুর্ঘটনার পর তারাও নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান জানান, স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। তবে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে নিখোঁজদের খোঁজে অভিযান ব্যাহত হচ্ছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা দাবি করেছেন, উদ্ধার হওয়া কয়েকজন এর আগে কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে মিয়ানমারে গিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয়, বাংলাদেশে প্রবেশের কারণ এবং ঘটনার বিস্তারিত বিষয় যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here