বিগ ব্যাশের পর এবার নতুন ঠিকানায় রিশাদ

0
3
বিগ ব্যাশের পর এবার নতুন ঠিকানায় রিশাদ

রিশাদের নতুন গন্তব্য দক্ষিণ আফ্রিকা। একের পর এক বিদেশি টি-টোয়েন্টি লিগে নিজের নাম লিখিয়ে চলা বাংলাদেশের এই লেগ স্পিনারের পাসপোর্টে যেন নতুন নতুন ক্রিকেট ঠিকানার সিল পড়েই চলেছে! পাকিস্তান সুপার লিগ, বিগ ব্যাশের পর এবার তার ডাক এসেছে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি থেকে। আর ডাকটা এসেছে যে-সে দলের নয়, টুর্নামেন্টের সবচেয়ে সফল দল সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছ থেকে।

বাংলাদেশের ক্রিকেটে একসময় লেগ স্পিনার খুঁজে পাওয়া ছিল বড় চ্যালেঞ্জ। এখন সেই লেগ স্পিনারই বিশ্বের একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগের দরজায় কড়া নাড়ছেন। রিশাদ হোসেনের ক্রিকেট-ভ্রমণে এবার যুক্ত হলো নতুন গন্তব্য-দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তান সুপার লিগ ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর এবার এসএ টোয়েন্টিতে খেলবেন বাংলাদেশের এই লেগ স্পিনার। তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল সানরাইজার্স ইস্টার্ন কেপ।

সানরাইজার্স ইস্টার্ন কেপ শুধু বর্তমান চ্যাম্পিয়নই নয়, এসএ টোয়েন্টির ইতিহাসের সবচেয়ে সফল দলও। ২০২৩ ও ২০২৪ সালে টানা দুইবার শিরোপা জয়ের পর সর্বশেষ ২০২৬ মৌসুমেও ট্রফি নিজেদের কাছেই রেখেছে তারা। এবারও শিরোপা ধরে রাখার মিশনে দল সাজাতে গিয়ে বাংলাদেশের রিশাদের ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। একই দিনে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে তারা।

রিশাদের দলে অন্তর্ভুক্তির পেছনে আছে আরেকটি কারণও। আফগানিস্তানের স্পিনার মোহাম্মদ গজনফারের পরিবর্তে তাকে নেওয়া হয়েছে। ফলে নতুন মৌসুমে কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকীয়া, মার্কো ইয়ানসেন, অ্যাডাম মিলনে, ত্রিস্তান স্টাবস ও মিচেল মার্শদের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করবেন বাংলাদেশের এই স্পিনার।

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টির নতুন মৌসুমের নিলাম। তার আগেই নিজেদের স্কোয়াডের বড় অংশ গুছিয়ে ফেলেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এখন পর্যন্ত ১৭ জন ক্রিকেটারকে দলে রেখেছে তারা। অন্যদিকে ডারবান সুপার জায়ান্টস ও পার্ল রয়্যালস ইতিমধ্যে ১৯ সদস্যের দল চূড়ান্ত করেছে।

২০২৩ সালে যাত্রা শুরু করা এসএ টোয়েন্টির চার আসরের তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। বাকি একবার শিরোপা জিতেছে এমআই কেপটাউন। দুইবার রানার্সআপ হয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। ডারবান সুপার জায়ান্টস একবার ফাইনালে উঠলেও শিরোপার দেখা পায়নি। জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালস এখনো অপেক্ষায় প্রথম ফাইনালের।

রিশাদের জন্য এটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে গ্লোবাল সুপার লিগ, পাকিস্তান সুপার লিগ ও বিগ ব্যাশে খেলেছেন তিনি। বিশেষ করে ২০২৫–২৬ বিগ ব্যাশ মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে নজর কাড়েন। ৭.৮২ ইকোনমি রেটে বোলিং করে মৌসুম শেষে দলের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। পিএসএলে খেলেছেন লাহোর কালান্দার্স ও রাওয়ালপিন্ডির হয়ে, আর ২০২৪ সালের গ্লোবাল সুপার লিগে প্রতিনিধিত্ব করেছেন রংপুর রাইডার্সকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here