‘জামায়াত-এনসিপির মব আওয়ামী লীগের ফেরার সুযোগ তৈরি করছে’

0
25
‘জামায়াত-এনসিপির মব আওয়ামী লীগের ফেরার সুযোগ তৈরি করছে’

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও সচিবালয়ে ‘মব’ সৃষ্টির কর্মকাণ্ড আওয়ামী লীগের ফেরার সুযোগ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চলতে থাকলে সেই পরিস্থিতির রাজনৈতিক সুবিধা আওয়ামী লীগ নিতে পারে।

শুক্রবার বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সচিবালয় এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বারবার ‘মব’ সৃষ্টি করছে। এতে সরকার বিব্রত হচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

তিনি আরো বলেন, জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব তাদের ওপরও পড়বে। আওয়ামী লীগ ফিরে এলে দমন-পীড়ন যেভাবে বাড়বে, তা তারা কল্পনাও করতে পারছে না।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, বিএনপি ইতিমধ্যে প্রার্থী দিয়েছে।

এ বিষয়ে দলের প্রধান ও প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, আমরা চাই, জামায়াত ও এনসিপিও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিক। সব রাজনৈতিক দলের অংশগ্রহণেই গণতন্ত্রের সৌন্দর্য প্রকাশ পায়।

মতবিনিময়সভায় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here