আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোট শেষে একই স্থানে তাৎক্ষণিকভাবে ব্যালট গণনা করে প্রাথমিক ফল ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর প্রস্তুতি নিয়ে মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ব্যালট পেপার গ্রহণ করবেন। এরপর পছন্দের প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে নির্ধারিত তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ব্যালট পেপার জমা দেবেন।
ভোটগ্রহণের সময় বিকেল ৫টা পর্যন্ত রাখার কারণ ব্যাখ্যা করে ইসি সচিব বলেন, কোনো অনির্ধারিত কারণে কোনো সংসদ সদস্য ভোটকেন্দ্রে পৌঁছাতে দেরি করলে যেন তিনি ভোট দেওয়ার সুযোগ পান, সে জন্য নির্ধারিত সময় পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু করা হবে।
এর আগে মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকার, সরকারদলীয় ও বিরোধীদলীয় চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের একটি আলোচনা সভা হয়। ওই সভায় সংসদ অধিবেশন কক্ষেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোনো দলের সংসদ সদস্য অন্য দলের প্রার্থীকে ভোট দিলে তার কী হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, বিষয়টি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়, এটি রাজনৈতিক প্রশ্ন। এ বিষয়ে রাজনৈতিক নেতাদের কাছ থেকেই জানতে হবে।
ভোটের ফলাফল সম্পর্কে তিনি জানান, ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল সংসদ অধিবেশন কক্ষেই ঘোষণা করা হবে। এরপর নির্বাচন কমিশন কার্যালয়ে এসে চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।