উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

0
4
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব ৩০ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (১ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, নতুন শিশু হাসপাতাল স্থাপন, নারী স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং ক্যান্সার ও কিডনি রোগের চিকিৎসা জেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের সংকটের স্থায়ী সমাধানে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। শুধু নতুন হাসপাতাল নির্মাণ নয়, পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ, আধুনিক অবকাঠামো, গবেষণা এবং স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের মাধ্যমে কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রসঙ্গ তুলে ড. এম এ মুহিত বলেন, এটি দেশের অন্যতম ঐতিহ্যবাহী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হলেও এখানে বিপুল সংখ্যক অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। শুধু একটি প্রতিষ্ঠানের নয়, সারা দেশের চিকিৎসক ও শিক্ষকের ঘাটতি পূরণে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, স্বাধীনতার পর এবারই স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে এ খাতে বরাদ্দ আরও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য, স্বাস্থ্যকর জীবনযাপন ও জনসচেতনতা বৃদ্ধিতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। কারণ রোগ প্রতিরোধে সফল না হলে শুধু হাসপাতাল ও যন্ত্রপাতি বাড়িয়ে স্বাস্থ্য সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে ১০ জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসা পেশা একটি মানবিক ও ত্যাগের পেশা। দক্ষতা, গবেষণা এবং আন্তর্জাতিক মানের জ্ঞানচর্চার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। এ সময় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে আন্তর্জাতিক মানের গবেষণা, ই-জার্নাল ব্যবহারের সুযোগ বৃদ্ধি এবং পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণের পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, উপ-পরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, উপাধ্যক্ষ ডা. মো. আব্দুর রব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নেতৃবৃন্দ, চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here