দক্ষিণ লেবাননে ইসরায়েলি জোড়া হামলায় নিহত ১

0
2
দক্ষিণ লেবাননে ইসরায়েলি জোড়া হামলায় নিহত ১

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের জোড়া হামলায় একজন নিহত হয়েছেন এবং একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। হামলায় উদ্ধারকর্মীদের লক্ষ্যবস্তু করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইরান-সমর্থিত হিজবুল্লাহর সাথে ইসরায়েলের চলমান যুদ্ধবিরতির মধ্যেই সর্বশেষ এই হামলার ঘটনা ঘটল।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহতে একটি গাড়িকে লক্ষ্য করে প্রথম হামলা চালানো হয়। এতে দুজন আহত হন। পরে আহতদের মধ্যে একজন মারা যান।

হামলার পর হিজবুল্লাহ-ঘনিষ্ঠ আমাল আন্দোলনের সাথে যুক্ত রিসালা স্কাউটস অ্যাসোসিয়েশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে ইসরায়েলি বাহিনী ফের হামলা চালায়। এতে একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, উদ্ধারকারী দলের ওপর ‘অব্যাহত হামলার’ নিন্দা জানানো হচ্ছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও আন্তর্জাতিক সব নীতির ‘অগ্রহণযোগ্য লঙ্ঘন’।

এদিকে লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, নাবাতিয়েহ এলাকায় একটি ঝোপঝাড়ে লাগা আগুন নেভানোর সময় তাদের কর্মীদেরও ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়। এতে কেউ আহত না হলেও হামলার কারণে ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হন তারা।

ইরানের পক্ষে অবস্থান নিয়ে মার্চে ইসরায়েলের ওপর রকেট হামলা চালানোর মাধ্যমে লেবাননকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে টেনে আনে হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে।

লেবাননের হিসাবে, ওই হামলা ও অভিযানে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

জুনে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক এবং এর কয়েক দিন পর ইসরায়েল-লেবাননের মধ্যে একটি কাঠামোগত চুক্তি হওয়ার পর সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বৈরুতের অভিযোগ, দক্ষিণ লেবাননে এখনো বিচ্ছিন্নভাবে ইসরায়েলি হামলা ও স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটছে।

মঙ্গলবার দক্ষিণাঞ্চলে অন্তত একটি বিস্ফোরণ এবং গোলাবর্ষণের খবরও দিয়েছে এনএনএ।

হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের শর্ত

ইসরায়েল-লেবানন চুক্তির আওতায় হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবানন থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে দুটি ‘পাইলট জোনে’ এই সেনা মোতায়েন শুরু হওয়ার কথা।

তবে হিজবুল্লাহ চুক্তিটি প্রত্যাখ্যান করেছে এবং অস্ত্র ত্যাগে অস্বীকৃতি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here