কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এক রাতের ব্যবধানে দ্বিগুণ আকার ধারণ করেছে দাবানল। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ২০ হাজারের বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ওই এলাকার হাইওয়ে। জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর, দ্য নিউইয়র্ক টাইমসের।
শনিবার (৮ আগস্ট) ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটিতে বর্তমানে ১০০টির বেশি দাবানল সক্রিয় রয়েছে। এর প্রায় অর্ধেক এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তীব্র তাপপ্রবাহ, শক্তিশালী বাতাস এবং দীর্ঘদিনের খরার কারণে আগুন দ্রুত নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে সামারল্যান্ড। প্রায় ১২ হাজার মানুষের এই শহরের পুরো জনপদ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী পিচল্যান্ড ও আশপাশের এলাকা থেকেও প্রায় ৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুনে এখন পর্যন্ত ঠিক কতটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ পুড়ে গেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রদেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কেলি গ্রিন বলেন, জরুরি অবস্থা জারির ফলে পরিস্থিতি মোকাবিলায় প্রাদেশিক সরকার অতিরিক্ত কিছু ক্ষমতা পেয়েছে। এর আওতায় নির্দিষ্ট এলাকায় মানুষের চলাচল সীমিত করা এবং দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা করার সুযোগ রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় প্রথমবার বাল্ড রেঞ্জের দাবানলের খবর পাওয়া যায়। এরপর আগুন অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। ছোট্ট ফাউল্ডার সম্প্রদায়টি আগুনের কবলে পড়ার পর ১৫ কিলোমিটার পথ পেরিয়ে আগুন দ্রুত সামারল্যান্ডের দিকে এগিয়ে যায়।