দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এই সেবা আবারও সচল করা হয়।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, ভোটার তালিকা হালনাগাদসহ সংশ্লিষ্ট কাজ সম্পন্ন হওয়ায় স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হয়েছে। তিনি বলেন, পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ার কারণে এতদিন এই সেবা বন্ধ রাখা হয়েছিল।
তিনি আরও জানান, এই সময়ে আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) এবং ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইপিসিভি) সিস্টেম নিয়ে গুরুত্বপূর্ণ কাজ চলছিল। এসব কার্যক্রম শেষ হওয়ায় এখন আবার নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচন সামনে রেখে এনআইডি সংক্রান্ত ভুল তথ্য প্রদান বা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন রোধে গত বছরের ২৪ নভেম্বর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশনার মাধ্যমে রোববার থেকে সাধারণ মানুষের জন্য এই সেবা আবারও উন্মুক্ত করা হলো।