নারায়ণগঞ্জ সদরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাদের সন্তান দগ্ধ হয়েছেন।
চিকিৎসকদের মতে, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২২) এবং ছেলে মারুফ (৮)।
শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ সদরের একটি বাসায় সকালে সিগারেট ধরানোর জন্য দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের তিন সদস্যই দগ্ধ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগে থেকেই লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল।
তিনি আরও জানান, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৯০ শতাংশ এবং মারুফের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।