পাবনায় মানববন্ধনে প্রতিপক্ষের হামলা, গুলিবিদ্ধ ১

0
6
পাবনায় মানববন্ধনে প্রতিপক্ষের হামলা, গুলিবিদ্ধ ১

পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর এলাকায় একপক্ষের মানববন্ধনে প্রতিপক্ষ হামলা চালিয়েছে। এ সময় প্রতিপক্ষের গুলিতে ইকরাম মোল্লা (৫০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে শিবপুর ত্বহা ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইকরাম মোল্লা আটঘরিয়া উপজেলার কদিম বাগদিপাড়া গ্রামের জবির মোল্লার ছেলে। আর অভিযুক্ত গুলিবর্ষণকারী টিপু বিশ্বাস (৪২) একই উপজেলার একদন্ত ইউনিয়নের গুরুবাসি গ্রামের আহেদ বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, সম্প্রতি শিবপুর ত্বহা ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু এবং একই প্রতিষ্ঠানের প্রভাষক আফরোজা খাতুনের বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের অপসারণের দাবিতে গত ৩ আগস্ট মাদরাসার প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় একটি পক্ষ।

এদিকে, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার (৯ আগস্ট) সকালে পাল্টা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় অপর একটি পক্ষ। সকাল ১১টার দিকে মাদরাসার প্রধান ফটকের সামনে ব্যানার নিয়ে মানববন্ধনে দাঁড়ান তারা।

এ সময় টিপু বিশ্বাস ও তার সহযোগীরা সেখানে গিয়ে তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নিয়ে মানববন্ধনে বাধা দেন। পরে উপস্থিত লোকজন তাকে প্রতিহত করতে চাইলে টিপু বিশ্বাস তার কোমরে থাকা পিস্তল বের করে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি করেন। এরপর তাকে বাধা দিলে ইকরাম মোল্লাকে গুলি করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে গুলিবর্ষণকারীকে ধাওয়া দিলে তিনি সহযোগীদের নিয়ে পালিয়ে যান। স্থানীয়রা গুলিবিদ্ধ ইকরাম মোল্লাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর থেকে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আটঘরিয়া ও আতাইকুলা থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here