শ্রাবণের শেষ সময়ে দেশে বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলছে না। এরই মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।