জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে আজ যে ঘটনা ঘটেছে, তা সবাইকে বিব্রত করেছে। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলাতেও এ ধরনের বিভাজনের চিত্র দেখা গেছে, যা কারো জন্যই কাম্য নয়।
বুধবার (৫ আগস্ট) সংসদ সচিবালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করবো জাতীয় অনুষ্ঠানগুলো সার্বজনীনভাবে পরিচালিত হবে। সার্বজনীন বক্তব্য ও ইতিহাস উপস্থাপন করা হবে। যাতে আমরা সবাই সমানভাবে সেটির অংশীদারিত্ব অনুভব করতে পারি। দিনশেষে তো এই গণঅভ্যুত্থান জনগণের। জনগণের কৃতিত্ব যাতে জনগণকে ফিরিয়ে দিতে পারি।
এই ধরনের অনুষ্ঠানে যদি দলীয় ইতিহাস বা ন্যারেটিভ প্রচার করা হয়। তাহলে বিরোধী দল বা ভিন্ন দলের অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে আসে।
তিনি বলেন, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জাতীয় দিবসকে উদযাপন করতে পারি, এমন পরিবেশ তৈরি করতে চাই।
এসময় দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরো দৃঢ় হবে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।