শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। এ নির্দেশের পর ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ অপরাধে তাকে সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার।
অপরাধের গুরুত্ব বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুজনকেই মৃত্যুদণ্ড দেন। রায়ের পর দুই আসামিকে কনডেম সেলে পাঠানো হয়। সেখান থেকে তাঁরা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।