সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে চারজন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪১ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮৪ শিশু। একই সময়ে ৮৭৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৪৭ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ১২৫ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ২১ হাজার ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে এক লাখ ১৬ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।