ইউক্রেনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির খমেলনিতস্কি অঞ্চলে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় সুখোই-২৪এম (এসইউ-২৪এম) মডেলের এই বোমারু বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটির দুই পাইলট নিহত হয়েছেন। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইউক্রেনের খমেলনিতস্কি অঞ্চলে মঙ্গলবার একটি এসইউ-২৪এম ফ্রন্টলাইন বোমারু বিমান অভিযান পরিচালনার সময় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বিমান বাহিনী জানায়, প্রাথমিক তথ্যে কোনও বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে এবং দুর্ঘটনার পেছনের কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
অন্যদিকে ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ জুন সন্ধ্যা প্রায় ৭টার দিকে খমেলনিতস্কি অঞ্চলে মিশন পরিচালনার সময় এসইউ-২৪ বোমারু বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, বিমানটিতে ৭ম ট্যাকটিক্যাল এভিয়েশন ব্রিগেডের একজন পাইলট ও একজন নেভিগেটর ছিলেন। দুর্ঘটনায় দুজনই নিহত হন।
খমেলনিতস্কি অঞ্চলে অবস্থিত স্টারোকোস্তিয়ানতিনিভ বিমানঘাঁটিতে ৭ম ট্যাকটিক্যাল এভিয়েশন ব্রিগেড মোতায়েন রয়েছে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। কোনও বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমান বাহিনী নিহত দুই সদস্যের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন মেজর বোহদান হ্রিহোরোভিচ জাহারুলকো এবং সিনিয়র লেফটেন্যান্ট বোহদান ওলেক্সান্দ্রোভিচ বাবেনকো। বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘আমরা জাহারুলকো ও বাবেনকোর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের দেশ রক্ষায় লড়াই করেছেন।’
এর আগে মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা শেপেতিভকা জেলায় একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য দুর্ঘটনাস্থলের ভিডিওও প্রকাশ করা হয়। তবে কিছু অ্যাকাউন্ট ভুলভাবে বিমানটিকে মিগ-২৯ যুদ্ধবিমান হিসেবে উল্লেখ করে।
সুখোই এসইউ-২৪ সোভিয়েত আমলে তৈরি দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট কৌশলগত বোমারু বিমান। বর্তমানে ইউক্রেন ও রাশিয়া— উভয় দেশই এটি ব্যবহার করছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেন তার এসইউ-২৪ বিমানবহর উত্তরাধিকারসূত্রে পায়। বর্তমানে বিমানগুলো ইউক্রেনীয় বিমান বাহিনীর ৭ম ট্যাকটিক্যাল এভিয়েশন ব্রিগেড পরিচালনা করে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম হারানোর তথ্য খুব কমই প্রকাশ করেছে ইউক্রেন। অন্যদিকে মস্কো প্রায়ই ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করে। তবে এসব দাবির অনেকগুলোরই স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে যুদ্ধ মিশনে অংশ নেয়ার সময় ২৬ বছর বয়সী ইউক্রেনীয় এফ-১৬ পাইলট পাভলো ইভানভ নিহত হন। এর আগে ২০২৪ সালের আগস্টে এফ-১৬ দুর্ঘটনায় ওলেক্সি মেস নিহত হয়েছিলেন।