গণভোটের রায় না মানলে আপনারাও নাই হয়ে যাবেন: জামায়াত আমির

0
19
গণভোটের রায় না মানলে আপনারাও নাই হয়ে যাবেন: জামায়াত আমির

দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না। গণভোটের রায় না মানলে আপনারাও নাই হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রশিবির কর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের হত্যার বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই, সবার জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এ লক্ষ্যেই গণভোট হয়েছে। সরকারও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, আমরাও ‘হ্যাঁ’ বলেছি। এখন আমরা ‘হ্যাঁ’ হয়েছি, সরকার না হয়েছে। পরিষ্কার করে বলতে চাই, গণভোটের রায় না মানলে আপনারাও নাই হয়ে যাবেন।

তিনি আরও বলেন, যুবকরা এখন প্রতিবাদ করতে শিখেছে। দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তাদের এই দেশে থাকা হবে না। জনতার রায়কে অগ্রাহ্য করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, সামনেও পারবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে চুরি, লুটপাট ও চাঁদাবাজি শুরু হয়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই। দেশের জন্য একবার নয়, শতবার রাজপথে নামব।

দুই কর্মী হত্যার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ক্ষমতার লোভে আমরা আর কোনো মায়ের কোল খালি হতে দিতে চাই না। সাধারণ মানুষের অধিকারের প্রতি হস্তক্ষেপ করবেন না। মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য সামনে আর হাত-পা বাড়াবেন না। পরিণতি ভালো হবে না।

রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী রংপুরে বেশি আসন পাওয়ায় যদি উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়, রংপুরের মানুষ তা মেনে নেবে না।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন।

অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আমির মো. আব্দুল করিম, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবুল কাওসার মো. নজরুল ইসলাম লেবু, বগুড়া জেলা জামায়াতের আমির মো. আব্দুল হক, জামায়াতের সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভীসহ জেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২১ জুন সাঘাটার বোনারপাড়ায় হামলায় আহত ছাত্রশিবির কর্মী সাইফুল্লাহ বারী চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে মারা যান। আর ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট জামায়াত কর্মী সালাউদ্দিন মারা যান। তাদের হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশের আগে ডা. শফিকুর রহমান নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাদের কবর জিয়ারত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here