দিনাজপুরের ফুলবাড়ীতে এনসিপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

0
39
দিনাজপুরের ফুলবাড়ীতে এনসিপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ীতে বসতভিটার জমি জবরদখলের চেষ্টা, মাটি ভরাট ও ঘর নির্মাণের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার রাজামাটি এলাকার মোছা. জেবুন নেহার।

লিখিত অভিযোগে জেবুন নেহার উল্লেখ করেন, ফুলবাড়ী উপজেলার রাজামাটি মৌজার এসএ ১১৪৫ নম্বর দাগে ১৬ শতক জমির মধ্যে ১৩ শতক জমি তার স্বামী মো. রবিউল ইসলাম চৌধুরীর নামে রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, স্বামী বিদেশে থাকার সুযোগে ফুলবাড়ী উপজেলা এনসিপির নেতা ইমরান চৌধুরী নিশাদ ও তার বাবা মাজাহারুল ইসলাম চৌধুরীসহ কয়েকজন ওই জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। গত ৬ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে অভিযোগকারীর অনুপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন জমিতে প্রবেশ করে মাটি ভরাট ও ঘর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় বাধা দিতে গেলে অভিযোগকারী ও তার দুই মেয়েকে ভয়ভীতি দেখানো, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি ও তার দুই মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

জেবুন নেহার আরও জানান, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। ভবিষ্যতে তার ও তার দুই মেয়ের বড় ধরনের ক্ষতির আশঙ্কা প্রকাশ করে তিনি প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে অভিযোগের ১ নম্বর বিবাদী মমিনুল ইসলাম চৌধুরী বলেন, “জায়গাটি তারা দখল করে রেখেছেন। এ বিষয়ে আদালতে মামলা হলে আমি আমার পক্ষে রায় পেয়েছি। বর্তমানে আদালতের রায় ও আমার দখলীয় অবস্থান অনুযায়ী সেখানে কাজ করছি। এরপরও তারা বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন।”

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শাহ আব্দুল লতিফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here