নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৪

0
12
নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৪

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার পর নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের দুটি গ্রুপ জড়িয়েছে বলে জানা গেছে।

আহতদের অভিযোগ, বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে এ কে এম চঞ্চল, ইফতেখার, শাহাদাত, সোহেল, সুমন ও আজিমসহ ৪০-৫০ জন ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্র, লাঠি ও ছুরি দিয়ে তাদের আঘাত করা হয়।

পরে ঢাকা কলেজের শিক্ষার্থী মিল্লাত হোসেনের গ্রুপের নেতাকর্মীরা হামলার খবর পেয়ে প্রিয়াঙ্গন মার্কেটসংলগ্ন একটি গলিতে গেলে সেখানে আবারও সংঘর্ষ বাধে। এতে এলাকায় ব্যাপক ভাঙচুর, হামলা-পাল্টা হামলা ও আতঙ্কের সৃষ্টি হয়।

প্রথমে আহতদের কয়েকজন ধানমন্ডির পপুলার হাসপাতালে নেওয়া হয়। পরে মঙ্গলবার রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতরা হলেন—ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন সিকদার, আহ্বায়ক সদস্য সাগর খান, সায়মন ইসলাম, সদস্য মুসফিকুর রহিম, জিহাদুল ইসলাম, শাকিব হাসান ও ইমরান হোসেন। অন্যদিকে নিউমার্কেট এলাকার চঞ্চল গ্রুপের জাকির, সুমন, শাহ আলম, ইদ্রিস ও রাকিব চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, চিকিৎসকদের বরাতে রাত ১১টা পর্যন্ত সংঘর্ষে আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here