পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, সোমবার সকাল ৬টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শিশু শিক্ষার্থী মোস্তাকিমকে মক্তবে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম একটি কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে নগদ ৫ টাকা দেন তিনি।
ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।