মানিকগঞ্জে জবির কালীগঙ্গা বাসে হামলা, আহত ১০

0
24
মানিকগঞ্জে জবির কালীগঙ্গা বাসে হামলা, আহত ১০

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে স্থানীয়দের হামলার ঘটনায় চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জগামী ‘কালীগঙ্গা’ বাসটি সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে।

জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছেন। প্রাথমিক তথ্যে চালকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটেছিল। তবে জবির বাসটি ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত নয়। স্থানীয়রা ভুল ধারণা থেকে বাসটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক তারেক বিন আতিক বলেন, বনদক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি বাসের শিক্ষার্থীদের সঙ্গে এক অটোরিকশাচালকের কথা-কাটাকাটি হয়। পরে বাসটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পেছনে থাকা ‘কালীগঙ্গা’ বাসে ওই অটোরিকশাচালক কয়েকজনকে নিয়ে হামলা চালায়। এতে চালকসহ প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here