মেসির বাবার মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবলে শোকের আবহ

0
17
মেসির বাবার মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবলে শোকের আবহ

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবলে। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর শনিবার রোজারিওর একটি ক্লিনিকে ৬৮ বছর বয়সে মারা গেলেন তিনি। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

হোর্হে মেসির মৃত্যুতে এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক ও ফুটবলের অন্যতম প্রতীক লিওনেল মেসির বাবার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।

বিবৃতিতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া, নির্বাহী কমিটির সদস্য এবং আর্জেন্টিনার পুরো ফুটবল পরিবারের পক্ষ থেকে মেসি, তার ভাই-বোন, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়। শোকের এই কঠিন সময়ে মেসির পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

তবে শুধু বিবৃতি প্রকাশ করেই থেমে থাকেনি এএফএ। হোর্হে মেসির স্মৃতির প্রতি সম্মান জানাতে আর্জেন্টিনার ফুটবলের সব পর্যায়ের ম্যাচে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির সব বিভাগে অনুষ্ঠিত ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। একই সাথে ম্যাচ সংশ্লিষ্ট রেফারি, খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।

শোকের আবহ আরও স্পষ্ট করতে এএফএর কার্যালয় ও বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আগামী ১৪ আগস্ট পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মেসির ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলের ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে নানা পর্যায়ে তার পাশে ছিলেন তিনি। মেসির জীবনে বাবার এমন গুরুত্বপূর্ণ ভূমিকার কারণেই হোর্হের মৃত্যুতে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here