লোডশেডিংয়ে অতিষ্ঠ নীলফামারী, শ্রমিকদের বিক্ষোভ

0
31
লোডশেডিংয়ে অতিষ্ঠ নীলফামারী, শ্রমিকদের বিক্ষোভ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শহরের বড় ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ডিমান্ড চার্জ বাতিল, মিটার ভাড়া বন্ধ, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের স্বল্প রেট নির্ধারণ এবং ভ্যাটের হার কমানোর দাবি জানানো হয়।

জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবুল আলম টুলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি আলিফ সিদ্দিকী প্রান্তর।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। বিদ্যুতের অভাবে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দিনে-রাতে সমানতালে লোডশেডিং চলছে।’

তিনি বলেন, ‘প্রি-পেইড মিটারের মাধ্যমে জনগণকে চুষে খাওয়া হচ্ছে। মিটারের ডিমান্ড চার্জ বাতিল করতে হবে। আমাদের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুতের নিয়মিত লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্য, কলকারখানা, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here